ফেনীর ফাজিলপুরে রেললাইনে নাশকতার প্রস্তুতির অভিযোগে চার কলেজ শিক্ষার্থীকে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ছোট-বড় বেশ কিছু ইটের টুকরো উদ্ধার করা হয়। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে ফাজিলপুর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রেলপথে টহল দেওয়ার সময় তাদের আটক করা হয়। জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ রেলপথ ও রেলওয়ে স্টেশন এলাকায় সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতেও ব্যাটালিয়ন আনসার সদস্যদের টহল জোরদার করা হয়। তিনি জানান, সকালে রেলপথে টহল দেওয়ার সময় চারজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান আনসার সদস্যরা। পরে তাদের জিজ্ঞাসাবাদে কথাবার্তা অসংলগ্ন মনে হলে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বেশকিছু ইটের টুকরো উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীরা হলেন— ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইমরান (১৭), ফরহাদনগর ইউনিয়নের মো. শাহেদ (১৮), লেমুয়া ইউনিয়নের টঙ্গিরপাড় গ্রামের মো. শাকিল (১৮) ও একই ইউনিয়নের রাজনগর গ্রামের মো. মহিন (১৮)। তারা সবাই ফেনীর ফাজিলপুরের একটি কলেজের শিক্ষার্থী। জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, আটক চার শিক্ষার্থীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।