সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গতকাল থেকে রাজধানীতে একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টিতে ভেজা সড়ক আর শীতল আবহাওয়ায় বদলে গেছে চিরচেনা নগরীর দৃশ্যপট। আকাশ এতটাই মেঘাচ্ছন্ন যে আজ দুপুরেই যেন রাজধানীতে নেমে আসে সন্ধ্যা। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গন্তব্যের উদ্দেশে ছুটতে দেখা যায় নগরবাসীকে। আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। পূর্ব-উত্তর পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এদিকে, আজ সকাল ৯টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথাব বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।