শুধু বিজেপি নয় অন্য দল ক্ষমতায় এলেও অটুট থাকবে ভারত-ইসরাইল মৈত্রী

গত তিন বছর ধরে গাজায় ইসরাইলের যুদ্ধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে ব্যর্থ হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নিন্দা জানিয়ে আসছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ইসরাইল ইস্যুতে নিজের অবস্থান জানতে চাওয়া হলে দলটির কার্যত প্রধান নেতা রাহুল গান্ধী বেশ কৌশলী উত্তর দেন। ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের নিন্দা জানানোর পরও রাহুল বলেন, ‘আমি ইসরাইলের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক চাই। কারণ, তাদের সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য সেরা অস্ত্র কেনাসহ আমাদের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে।’ আরও পড়ুনআরও পড়ুনবাংলাদেশসহ যে ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্পতার এই মন্তব্য বাম দলগুলোসহ কংগ্রেসের কিছু জোটসঙ্গীর মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তবে বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন এক গভীর কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন যা বিতর্কিত হওয়া সত্ত্বেও ভারত ও ইসরাইল উভয় দেশের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদির আমলে এই সম্পর্ক নাটকীয়ভাবে বৃদ্ধি পেলেও এর শিকড় তার হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের চেয়েও গভীরে এবং এটি তার শাসনামলের পরেও টিকে থাকবে। অস্ত্র ও নজরদারি থেকে শুরু করে পুলিশিং এবং হ্যাকিং—সব ক্ষেত্রেই ভারত ক্রমশ ইসরাইলকে একটি অপরিহার্য অংশীদার ও বিশেষজ্ঞ জ্ঞানের উৎস হিসেবে বেছে নিয়েছে। এর ফলে দুই দেশ এমনভাবে জড়িয়ে পড়েছে যে, কোনো দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও এই সম্পর্ক ছিন্ন করা কঠিন। চলতি মাসে অলাভজনক সংস্থা ‘ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন’ (আইএফএফ)-এর এক তদন্তে উঠে এসেছে যে, ইসরাইল থেকে ফোন-হ্যাকিং প্রযুক্তি কেনার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের নিজস্ব নিয়মকানুন শিথিল করেছিলেন। তবে ভারতীয়দের জন্য এমন ঘটনা নতুন নয়। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ প্রকাশ করেছিল যে, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর নজরদারি চালানো হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরবর্তীতে সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন এবং আনন্দ মাঙ্গনালের ফোনে এই স্পাইওয়্যারের উপস্থিতি নিশ্চিত করে। তবে ভারত সরকার অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করেছিল। বিশ্লেষকদের মতে, এসব ঘটনা ইসরাইলের ওপর ভারতের নির্ভরশীলতারই ইঙ্গিত দেয়। গবেষক ও লেখক আজাদ এসা এ বিষয়ে আলজাজিরাকে বলেন, ইসরাইলের সঙ্গে ভারতের সহযোগিতার ক্ষেত্রে ‘সবসময়ই গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত দমনের ইসরাইলি পদ্ধতিগুলো পরীক্ষা ও অন্বেষণের বিষয়টি জড়িত ছিল।’ ভারত ও ইসরাইলের ক্রমবর্ধমান জোট নিয়ে লেখা হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের এই লেখক আরও বলেন, ‘কৃষকসহ খোদ ভারতীয়দের বিরুদ্ধেই ইসরাইলি পণ্য বা পদ্ধতি ব্যবহৃত হওয়াটা ছিল কেবল সময়ের ব্যাপার।’ দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় সরকার ছয় বছর ধরে ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর কৌশল অনুকরণের চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লি অভিমুখে যাত্রা করা কৃষকদের ছত্রভঙ্গ করতে রাজ্য পুলিশ ড্রোন ব্যবহার করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। নজরদারির চেয়েও বহুদূর বিস্তৃত ভারত-ইসরাইল সম্পর্ক ফোন নজরদারির সরঞ্জামগুলো এই সম্পর্কের একেবারে সাম্প্রতিক স্তর মাত্র; এর মূল প্রোথিত রয়েছে ভারতের প্রতিরক্ষা শিল্পের গভীরে। ২০১৪ সাল থেকে ভারত ইসরাইলের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র ক্রেতায় পরিণত হয়েছে, যা দেশটির মোট অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ। এই সম্পর্কের কেন্দ্রে রয়েছেন মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বিলিয়নিয়ার গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ। ২০১৬ সালে এই ভারতীয় শিল্পগোষ্ঠী হায়দরাবাদে ‘হার্মিস ৯০০’ ড্রোন তৈরির জন্য ইসরাইলের এলবিট সিস্টেমসের সঙ্গে একটি যৌথ উদ্যোগ গ্রহন করে, যা ইসরাইলের বাইরে এ ধরনের প্রথম কারখানা। ২০২০ সাল থেকে আদানি ‘বিএলআর সিস্টেমস’-এর ৫১ শতাংশ শেয়ারের মালিক, যা ইসরাইল উইপন ইন্ডাস্ট্রিজের সঙ্গে মিলে নেগেভ মেশিনগানের যন্ত্রাংশ তৈরি করে। ২০২৩ সালের জানুয়ারিতে আদানি এবং ইসরাইলের গ্যাডট ১.১৫ বিলিয়ন ডলারে হাইফা বন্দর কেনার প্রক্রিয়া সম্পন্ন করে, যার হস্তান্তর অনুষ্ঠানে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত ছিলেন। এসা বলেন, ভারত ‘ক্রমশ ইসরাইলি কোম্পানিগুলোর জন্য একটি উৎপাদন ও সরবরাহ ঘাঁটিতে পরিণত হচ্ছে।’ নয়াদিল্লিভিত্তিক স্বাধীন গবেষক আশুতোষ সিং, যিনি ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করেন, এই মতের সঙ্গে একমত পোষণ করেন। তিনি হায়দরাবাদের কারখানাটিকে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ‘আড়ালে’ ইসরাইলের সামরিক অবকাঠামোতে ভারতীয় পুঁজি বিনিয়োগের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে অভিহিত করেন। নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস ব্লারেল এ বিষয়ে কিছুটা সতর্কতার সুর যোগ করেছেন। তিনি আল জাজিরাকে বলেন, হায়দরাবাদে যা হচ্ছে তা মূলত ইসরাইলি নকশায় তৈরি ড্রোনের ‘চূড়ান্ত সংযোজন মাত্র’ এবং ‘ঠিক কী পরিমাণ প্রযুক্তি প্রকৃতপক্ষে হস্তান্তর করা হয়েছে তা স্পষ্ট নয়।’ তবে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের শেষের দিকে এবং ২০২৪ সালের শুরুতে ইসরাইলে এই ড্রোনের চালান পাঠানো হয়েছিল, যখন গাজায় গণহত্যার কাজে ওই মডেলের কিছু ড্রোন ব্যবহৃত হচ্ছিল। গত ৩০ জুলাই প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘মেড ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো থেকে ইসরাইলে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের ২,৫৯৬টি চালানের তথ্য নথিভুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনে ৯টি কোম্পানির নাম উল্লেখ করা হয়, যার মধ্যে তিনটি সম্পূর্ণভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন। সংস্থাটি উপসংহারে বলেছে, ওই প্রতিষ্ঠানগুলো যখনই রপ্তানি করে, তখন ভারত রাষ্ট্র নিজেই মূলত অস্ত্র সরবরাহ করে। এর পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগগুলোর সরাসরি জবাব না দিয়ে জানান, কৌশলগত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের একটি ‘শক্তিশালী’ আইনি কাঠামো রয়েছে। ভারত কেন কেনে: কোনো শর্ত নেই ভারত কেন ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনা অব্যাহত রেখেছে? তার উত্তরে বিশ্লেষকরা নানা যুক্তি দিয়েছেন।  থিঙ্ক ট্যাঙ্ক ‘অবজারভার রিসার্চ ফাউন্ডেশন’-এর কবির তানেজা বলেন, প্রতিরক্ষা খাতই প্রায় পুরো সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পশ্চিমা কোনো দেশ ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করলে তাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র যুক্ত করার জন্য প্রয়োজনীয় সোর্স কোড দিতে অস্বীকৃতি জানাতে পারে। কিন্তু ইসরাইল সেই শূন্যতা পূরণে আগ্রহী উদাহরণস্বরূপ, রুশ আইএল-৭৬ বিমানে আগাম সতর্কীকরণ রাডার যুক্ত করে দেওয়া। তানেজা আল জাজিরাকে বলেন,  ‘ইসরাইল হলো প্রতিরক্ষা প্রযুক্তির সেই ওয়ালমার্ট, যেখান থেকে আপনি কোনো শর্ত ছাড়াই প্রযুক্তি কিনতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনোভাবে তা ব্যবহার করতে পারবেন।’ তিনি পাকিস্তানের সঙ্গে সীমান্তে ভারতের মোতায়েন করা ইসরাইলি ড্রোনের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কেনা এমকিউ-৯ ড্রোনের তুলনা করেন, যা নিরস্ত্র অবস্থায় আসে এবং ব্যবহারের ক্ষেত্রে নানা বিধিনিষেধ থাকে। ব্লারেল এই আস্থার সূত্র খুঁজে পান ১৯৯৯ সালের পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধে। ভারতের পারমাণবিক পরীক্ষার পর অন্যান্য সরবরাহকারীরা যখন নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখন ইসরাইল যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল। তিনি বলেন, ইসরাইল ‘নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেনি’ এবং তারা ‘কোনো শর্ত আরোপ করেনি’, যা কংগ্রেস এবং বিজেপি উভয় দলই লক্ষ্য করেছে। এ ছাড়া ইসরাইল এমন প্রযুক্তিও সরবরাহ করে যা দিতে পশ্চিমা দেশগুলো ‘সবসময়ই দ্বিধাগ্রস্ত থাকে’ এবং তাদের প্রযুক্তি ভারতের অস্ত্রাগারের বড় অংশ জুড়ে থাকা রুশ সরঞ্জামের সঙ্গে সহজেই কাজ করে। তিনি আরও বলেন,  ইসরাইলি প্রতিষ্ঠানগুলো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে ‘প্রযুক্তি ভাগাভাগি করতে এবং একসঙ্গে কাজ করতে বেশি আগ্রহী।’ এটি গুরুত্বপূর্ণ কারণ নয়াদিল্লি এখন কেবল কিনতে চায় না, বরং নিজেই তৈরি করতে চায়। তানেজা বলেন, ভারত ক্রমশ নির্মাতাদের বলছে যে তারা যদি বিক্রি করতে চায়, তবে উৎপাদনের একটি বড় অংশ ভারতেই করতে হবে। হায়দরাবাদের কারখানাটি সেই লক্ষ্যকেই এগিয়ে নিচ্ছে, আর ইসরাইলি পক্ষের কাছে এটি একটি বাণিজ্যিক উদ্যোগ: ‘বাণিজ্যিক দিকটি লাভজনক না হলে তারা আসবে না।’ অন্য কথায়, ইসরাইলের মূল আকর্ষণ হলো এটি ভারতকে এখন কেনার এবং পরবর্তীতে দেশীয়ভাবে উৎপাদনের সুযোগ করে দেয়। আদর্শ নাকি সুবিধা? এই সম্পর্কের পেছনে কি আদর্শ কাজ করে? এ বিষয়ে বিশেষজ্ঞরা বিভক্ত। এসা বলেন, আদর্শ এবং কৌশলকে আলাদা করা যায় না। তার মতে, ‘এই সম্পর্ক একই সঙ্গে আদর্শিক ও কৌশলগত। উভয় রাষ্ট্রই নিজেদের অস্তিত্বের সংকটে থাকা সভ্যতাগত রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে, যা প্রায়শই মুসলিমদের দ্বারা অবরুদ্ধ থাকার ধারণাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এর পেছনে হিন্দুত্ববাদ ও জায়নবাদের মধ্যকার সখ্যতা বড় ভূমিকা রাখছে।’ হিন্দুত্ববাদ হলো বিজেপি এবং এর আদর্শিক অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদী আদর্শ। আরএসএস সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়। অন্য প্রান্ত থেকে নেতানিয়াহুও একই ধরনের মন্তব্য করেছেন। গত মে মাসে অধিকৃত পশ্চিম তীরে এক সম্মেলনে তিনি বলেন, বিশ্বে আমাদের বৈধতা হারানোর সমস্যা রয়েছে, কিন্তু ভারতে তা নেই। সেখানে ইসরাইলের প্রতি প্রচণ্ড ভালোবাসা রয়েছে... সত্যিই অসাধারণ। আমার মনে হয় বিশ্বের অন্য যেকোনো জায়গার চেয়ে ভারতে আমার অনুসারী বেশি।’ তবে তানেজা এর মধ্যে আদর্শিক কোনো কিছু দেখেন না। তিনি বলেন, এই ঘনিষ্ঠতা ‘মূলত খুবই লেনদেনভিত্তিক’ এবং নিরাপত্তা হুমকিতে ঘেরা একটি দেশের প্রয়োজন থেকেই এর সৃষ্টি। ফ্রান্স যদি একই সুবিধা দেয়, তবে আমার মনে হয় না ভারত কোনো বৈষম্য করবে। ব্লারেল এই দুই মতের মাঝামাঝি অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আদর্শিক যুক্তির ‘একটি ভিত্তি’ রয়েছে, কারণ আরএসএস-এর প্রতিষ্ঠাতা ভি ডি সাভারকর এবং এম এস গোলওয়ালকর ইসরাইলকে একটি মডেল হিসেবে উল্লেখ করেছিলেন—যদিও তাঁরা নাৎসি জার্মানিরও প্রশংসা করতেন, যাকে ব্লারেল এই মডেলগুলোর একটি সুবিধাবাদী ব্যাখ্যা হিসেবে অভিহিত করেছেন। তা সত্ত্বেও, নেতানিয়াহুর সঙ্গে মোদির ব্যক্তিগত সখ্যতা গোপন কিছু নয়। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, সরকার কখনোই স্পষ্ট করেনি এর পেছনে আসল কারণ কী। তিনি বলেন, প্রতিরক্ষার জন্য ইসরাইলের ওপর নির্ভর করা ‘বোধগম্য’, কিন্তু দেশবাসীকে কখনোই বলা হয়নি যে মোদির এই আলিঙ্গন ‘কোনো আদর্শিক সখ্যতা’ থেকে এসেছে। এক দীর্ঘ ও নীরব ইতিহাস ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক ও নির্ভরতা মোদির আমলে শুরু হয়নি। ভারত ১৯৪৭ সালে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে এবং ১৯৪৯ সালে জাতিসংঘে ইসরাইলের অন্তর্ভুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছিল। তবুও ১৯৫০ সালে দূতাবাস স্থাপন ছাড়াই দেশটি ইসরাইলকে স্বীকৃতি দেয় এবং চার দশকেরও বেশি সময় ধরে কেবল বোম্বেতে একজন ইসরাইলি কনসাল রাখার অনুমতি দেয়। এই কূটনৈতিক দূরত্বের আড়ালে যুদ্ধের সময় গোপনে সাহায্য আসত। ১৯৬২ সালে চীন যখন ভারত আক্রমণ করে, তখন ইসরাইল গোপনে মর্টার এবং উজি সাবমেশিনগান সরবরাহ করেছিল। ইসরাইলি আর্কাইভের নথি অনুযায়ী, নয়াদিল্লি অনুরোধ করেছিল যেন ইসরাইলি পতাকাবিহীন জাহাজে সেগুলো পাঠানো হয়, তবে প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন তা প্রত্যাখ্যান করেছিলেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উভয় দেশের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে ইসরাল নয়াদিল্লিকে মর্টার সরবরাহ করে। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে আরেকটি যুদ্ধের সময় ইসরাইল তৎকালীন শাহ রেজা পাহলভির শাসনাধীন ইরানের জন্য নির্ধারিত অস্ত্র ভারতকে দিয়েছিল। এসা বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ষাটের দশকের শেষ দিক থেকে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (র)-এর সঙ্গে কাজ করেছে এবং পরবর্তীতে ভারত-শাসিত কাশ্মীরে বেড়া নির্মাণের ধারণা নিতে ভারত লেবানন সীমান্তে ইসরাইলের তৈরি বেড়া পর্যবেক্ষণ করেছিল। এত কিছুর পাশাপাশি ভারত ফিলিস্তিনিদের দাবির প্রতিও সমর্থন অব্যাহত রেখেছিল। ১৯৭৪ সালে প্রথম অ-আরব রাষ্ট্র হিসেবে ভারত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-কে স্বীকৃতি দেয় এবং ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কেবল ১৯৯২ সালে, যখন কংগ্রেস দল ক্ষমতায় ছিল এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভারত বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়েছিল। নব্বইয়ের দশকের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এসে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ও আগাম সতর্কীকরণ বিমান কেনা অব্যাহত রাখে এবং যৌথ উৎপাদনের বিষয়ে আলোচনা শুরু করে। ২০০৪ সালে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরে সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যায়: ২০০৬ সালে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ৩৫০ মিলিয়ন ডলারের চুক্তি এই অংশীদারিত্বকে কেবল কেনাবেচা থেকে যৌথ উন্নয়নের পর্যায়ে নিয়ে যায়। এসা বলেন, ‘মোদির অধীনে গড়ে ওঠা আদর্শিক সম্পর্কগুলো মূলত কংগ্রেস নেতৃত্বাধীন সরকারসহ পূর্ববর্তী সরকারগুলোর গড়ে তোলা সম্পর্কের ভিত্তির ওপরই দাঁড়িয়ে আছে।’ ২০১৪ সালের পর কী বদলেছে? মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর যা বদলেছে তা হলো এই সম্পর্কের প্রকাশ্য রূপ। আগের সরকারগুলো ইসরাইলি অস্ত্র নিলেও পতাকাবিহীন জাহাজ এবং গোপন সফরের অনুরোধ করত। ২০১৪ সালের পর সেই আবরণ সরে যায়। ২০১৪ সালের জুলাই ও আগস্টে গাজায় ইসরাইলি অভিযানের সময় মোদি সরকার ভারতীয় সংসদের উচ্চকক্ষে ইসরাইলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণে বাধা দেয়। ২০১৫ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ওই অভিযানের জবাবদিহিতা চাওয়া একটি প্রস্তাবে ভারত প্রথমবারের মতো ভোটদানে বিরত থাকে এবং ২০১৬ সালেও একই কাজ করে। ২০১৭ সালে মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফর করেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর কয়েক দিন আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি পুনরায় ইসরাইল সফর করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্ট ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের একটি আবেদন শুনতে অস্বীকৃতি জানিয়ে বলেন, পররাষ্ট্রনীতি আদালতের এখতিয়ারের বাইরে। ব্লারেল বলেন, ফিলিস্তিন ইস্যুতে ভারতের অবস্থান, যা ‘সত্তরের দশক থেকে অত্যন্ত স্পষ্ট ছিল’, তা এখন ‘কিছুটা অনিশ্চিত’ হয়ে পড়েছে, যা বিজেপির জন্য সুবিধাজনক। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা ‘আসলেই বুঝতে পারছেন না’ ভারত কোথায় দাঁড়িয়ে আছে—এটি এমন এক অবস্থান যাতে ‘নৈতিক স্পষ্টতার অভাব রয়েছে।’ তবে তানেজা মনে করেন মৌলিক কোনো পরিবর্তন হয়নি। তার মতে, ভারত এখনো দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দিচ্ছে এবং ‘আমাদের যা করার কথা ছিল আমরা তাই করেছি।’ কিন্তু এসা গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় ইসরাইলে ভারতের অস্ত্র পাঠানো, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ না দেওয়া, ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন না করা এবং দেশের ভেতরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনের প্রতি ভারতের কথিত নীতির চেয়ে এই কাজগুলোই অনেক বেশি কথা বলে।’ তানেজা বলেন, সুরের এই পরিবর্তন ভারতের অর্থনৈতিক শক্তিরও প্রতিফলন। ষাটের দশকে ভারতের অর্থনীতি ছোট ছিল এবং অন্য শক্তিগুলোকে চটানোর মূল্য ছিল অনেক বেশি। আজ প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে বাণিজ্য ও নিরাপত্তা রক্ষার বিশাল প্রয়োজনে ভারত যেকোনো সমালোচনা সামাল দিতে পারে এবং ইসরাইলসহ যেকোনো অংশীদারের কাছ থেকে নিরাপত্তা নেবে। সমালোচকদের কাছে মূল প্রশ্ন হলো জবাবদিহিতা। গত জুনে জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানায় যে, গাজায় ইসরাইলের দুই বছরের গণহত্যামূলক যুদ্ধে অন্তত ২০,১৭৯ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এবং রাষ্ট্রগুলোকে এমন অস্ত্র হস্তান্তর বন্ধ করার আহ্বান জানায় যা ‘গণহত্যায় জড়িত ছিল বা জড়িত হতে পারে’—যদিও ইসরাইল এই প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। গাজায় যুদ্ধাপরাধে ভারত রাষ্ট্র এবং এর কোম্পানিগুলো জড়িত কি না জানতে চাইলে এসা উত্তর দেন,  ‘আমি তাই বিশ্বাস করি।’ তিনি বলেন, ভারত ‘না জানার দাবি করতে পারে না।’ আশুতোষ সিং বলেন, যেকোনো দেশ যারা ইসরাইলকে বস্তুগতভাবে গণহত্যার সরঞ্জাম সরবরাহ করছে, তারা এই অপরাধের অংশীদার। অন্যদিকে, বিরোধী দল কংগ্রেসের শাসিত কিছু রাজ্যও ইসরাইলি ফোন-হ্যাকিং সরঞ্জাম কিনেছে বলে যে প্রতিবেদন এসেছে, খুরশিদ তা অস্বীকার করেননি। তিনি বলেন, এক্ষেত্রে কিছু ‘সীমারেখা’ থাকা উচিত এবং ‘দুঃখজনকভাবে ভারত সরকারের লেনদেনে সেই সীমাগুলো স্পষ্ট নয়।’ তবে তিনি স্বীকার করেন, ‘বাস্তব পৃথিবী সম্পূর্ণরূপে কোনো নীতি-নৈতিকতা দেখানোর জায়গা নয়। আমাদের কিছু ছাড় দিতেই হয়।’

শুধু বিজেপি নয় অন্য দল ক্ষমতায় এলেও অটুট থাকবে ভারত-ইসরাইল মৈত্রী