মালয়েশিয়ার হালাল মেলায় বাংলাদেশের ৬ প্রতিষ্ঠান
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হালাল শোকেজ (MIHAS)-এর ২২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের ৬টি প্রতিষ্ঠান। বিশ্বের অন্যতম বড় এই আন্তর্জাতিক হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশসহ ৫৮টি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নেয়।মেলায় প্রায় ২ হাজার বুথে হালাল খাদ্যপণ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হয়।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশি প্যাভিলিয়ন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময়ে মালয়েশিয়া ও বৃহত্তর আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য রপ্তানি, নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক অংশীদারত্ব এবং হালাল সনদ নিয়ে আলোচনা হয়।মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ হাইকমিশনের বুথে দেশের উল্লেখযোগ্য রপ্তানিযোগ্য পণ্য, ব্রশিওর, প্রকাশনা ও প্রচারণামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।গত ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া মেলাটি শনিবার (২৬ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, আন্তর্জাতিক এ মেলায় বাংলাদেশের হালাল পণ্যের পরিচিতি বাড়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক ও পরিবেশকদের সঙ্গে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হবে। এর মাধ্যমে নতুন বাজারে প্রবেশ এবং বাংলাদেশের হালাল পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।