বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

দুই বাংলায় আসছে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’-মে মাসে রিলিজ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির পথে ফ্ল্যাশব্যাক। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত এই টালিউড সিনেমাটি আগামী মে মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা রাশেদ রাহা। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে ছবিটির মুক্তি আটকে ছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছে এটি। এই সিনেমার মাধ্যমেই টালিউডে অভিষেক ঘটে বুবলীর।থ্রিলারধর্মী গল্পের ফ্ল্যাশব্যাক-এ বুবলীর সঙ্গে অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।সিনেমায় বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ চরিত্রে, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলি ‘অঞ্জন’ এবং সৌরভ দাস ‘ডিকে’ চরিত্রে অভিনয় করেছেন। ভিন্ন জীবনের তিনটি চরিত্র একসময় গিয়ে মিলিত হয় পাহাড়ি এক জনপদে, সেখান থেকেই গল্প নেয় নতুন মোড়।নির্মাতা জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ফল ঘোষণার পর মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে। এরপর বাংলাদেশে মুক্তির প্রক্রিয়া শুরু হবে।অন্যদিকে, দেশে আগামী ৮ মে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা সর্দারবাড়ির খেলা। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। ছবিটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম। তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীর অনুপস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। চলতি বছরের শুরু থেকে তাকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তিনি।

দুই বাংলায় আসছে বুবলীর ‘ফ্ল্যাশব্যাক’-মে মাসে রিলিজ