হাবিপ্রবিতে নতুন ডিন ও ক্যাডস-এর পরিচালক নিয়োগ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নতুন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন এবং ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (CADS)-এর নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন পদে দায়িত্বে থাকা উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মামুনুর রশীদের মেয়াদ গত ১৪ সেপ্টেম্বর শেষ হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আদেশ গত ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে।অন্যদিকে, অপর এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. শরীফ মাহমুদকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (CADS)-এর পরিচালক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যা ২২ সেপ্টেম্বর হতেই কার্যকর করা হয়েছে।অফিস আদেশে উল্লেখ করা হয়, নবনিযুক্ত গণ নিজ নিজ পদে সর্বোচ্চ ২ (দুই) বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। তবে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদের পূর্বেই এই নিয়োগ বাতিল করার এখতিয়ার রাখেন।