পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
পাবনার বেড়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব।আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় এ দিনটি গুরুত্বপূর্ণ। দিবসটির চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়।দিবসটি উপলক্ষে সকালে উপজেলার সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেড়া পৌরসভার প্রধান সড়কগুলো জাতীয় পতাকা ও ফেস্টুন দিয়ে সাজানো হয়।এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত, প্রার্থনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে বেড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।বিকেল ৪টায় বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে (জুবিলি মাঠ) একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।নতুন প্রজন্মের কাছে দিবসটির তাৎপর্য তুলে ধরতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পাবনার বেড়ায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়।