শাপলা চত্বরের স্মৃতি এখনও জাতির ক্ষত: মামুনুল হক
ঢাকার শাপলা চত্বর কেন্দ্রিক ২০১৩ সালের ৫ মে’র ঘটনাকে ঘিরে স্মৃতি এখনও জাতির হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক।মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।স্ট্যাটাসে মামুনুল হক দাবি করেন, ২০১৩ সালের এ দিনে একটি শান্তিপূর্ণ গণআন্দোলন দমন-পীড়নের মুখে পড়ে এবং বহু মানুষের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর এলাকা। তিনি বলেন, সেই রাতের স্মৃতি এখনো জাতির মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে এবং এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ভুলে যাওয়ার নয়।তিনি আরও উল্লেখ করেন, ওইদিন বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল এসে শাপলা চত্বরে জমায়েত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে বলে তিনি দাবি করেন।মামুনুল হক তার বক্তব্যে বলেন, দীর্ঘ সময় ধরে এ ঘটনার শহীদদের নিয়ে প্রামাণ্য কাজ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে নতুন উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের তথ্য সংরক্ষণের কাজ চলছে।এছাড়া বিভিন্ন সংগঠন শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। এসব কর্মসূচিকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
স্ট্যাটাসে তিনি শহীদদের স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, “সত্য প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের সংগ্রাম অব্যাহত থাকবে।”