গোপালগঞ্জের চর বাশুড়িয়া এলাকায় গোসল করতে গিয়ে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইনামুল শেখ নামের ওই কিশোরের মাথায় শরকি দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।আহত ইনামুল চর বাশুড়িয়া গ্রামের ইয়াদ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে বাড়ির বাইরে গেলে ইনামুলের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে মোরাদ শেখ, মিরাজ শেখ ও শান্ত শেখ তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার মাথায় শরকি দিয়ে আঘাত করা হয় বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।আঘাতে আহত হলে পরিবারের সদস্যরা ইনামুলকে চিকিৎসার জন্য নিয়ে যান।ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, ঘটনার সময় ইনামুলকে অশালীন ভাষায় কথা বলা হয়। তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত-এমন পরিচয় টেনে তাকে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় রাজা শেখকেও জড়িত থাকার অভিযোগ করেছে পরিবার।তবে অভিযুক্ত মোরাদ শেখের মা অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, ইনামুলের সঙ্গে তার নাতি শান্ত শেখের প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে শান্ত শেখই ইনামুলকে মারধর করে।দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।