জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে সৎ মা মরিয়ম বেওয়া হত্যা মামলায় সতিনের ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (২৭ জুলাই) বিকেলে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।দণ্ডপ্রাপ্তরা হলেন— কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা এবং আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার।মামলার এজাহার সূত্রে জানা যায়, কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের নূরুল ইসলাম মারা যাওয়ার পর তার স্ত্রী মরিয়ম বেওয়া সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন।২০০৫ সালের ৩১ জুলাই রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন মরিয়ম বেওয়া। ওই রাতে তার সতীনের ছেলে সুজাউল ইসলামসহ কয়েকজন তাকে অসুস্থতার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।অভিযোগ অনুযায়ী, পরে মাঠের মধ্যে তাকে মারধর করে শ্বাসরোধে হত্যা করা হয় এবং মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর ঘটনাটি পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা হিসেবে প্রচার করা হয়।পরদিন পুকুর থেকে মরিয়ম বেওয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২০০৫ সালের ৭ আগস্ট কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।