মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

বিশ্বকাপ জয়ের আনন্দে মাতল কুড়িগ্রাম যোগ দিলেন ব্রাজিল সমর্থকরাও

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতেও। কুড়িগ্রামে ঢাক-ঢোল পিটিয়ে বিজয় উল্লাস করেছেন স্পেন সমর্থকরা। তাদের আনন্দ আয়োজনে অংশ নেন ব্রাজিল সমর্থকরাও।সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়নের মধ্যবর্তী গোপালের খামার (বকুলতলা) এলাকায় অনুষ্ঠিত হয় আনন্দ মিছিল ও উদযাপন। এতে দুই ইউনিয়নের বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা অংশ নেন।ঢাক-ঢোলের শব্দ আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্পেন সমর্থকরা প্রিয় দলের বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করেন, আর ব্রাজিল সমর্থকরাও যোগ দিয়ে তৈরি করেন উৎসবমুখর পরিবেশ।২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বাংলাদেশেও ছিল ব্যাপক উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেনসহ বিভিন্ন দলের সমর্থকরা রাত জেগে খেলা উপভোগ করেছেন এবং নানা আয়োজনে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় ৪৮টি দল। ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইয়ে ১-০ গোলে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে স্পেন। মাঠের খেলা শেষ হলেও সমর্থকদের উচ্ছ্বাস এখনো চলছে। কুড়িগ্রামের এই আয়োজনও বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের আবেগ ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ।

বিশ্বকাপ জয়ের আনন্দে মাতল কুড়িগ্রাম যোগ দিলেন ব্রাজিল সমর্থকরাও