স্কুলে আসতে চায় না শিক্ষার্থীরা-ডিসিদের উদ্বেগ শিক্ষামন্ত্রীর কাছে
জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে শিক্ষার্থীদের স্কুলে অনাগ্রহ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ডিসিরা জানিয়েছেন, দেশে অনেক শিক্ষার্থীই স্কুলে আসতে চায় না, ফলে অনুপস্থিতি বাড়ছে এবং এতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ডিসি সম্মেলনের অধিবেশন শেষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মন্ত্রী বলেন, বিভিন্ন জেলার ডিসিরা শিক্ষার্থীদের অনুপস্থিতি ও ঝরে পড়ার ঝুঁকির কথা তুলে ধরেছেন। শিক্ষার্থীরা এখন ‘আনন্দঘন স্কুল’ চায়—যেখানে শেখার পরিবেশ হবে আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক। তিনি উল্লেখ করেন, সরকারের ‘লার্নিং উইথ জয়’ উদ্যোগে এ বিষয়টি গুরুত্ব পাচ্ছে।শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ডিসিরা জানিয়েছেন, অনেক জায়গায় খেলাধুলার মাঠ ও পরীক্ষার হলের অভাব রয়েছে, যা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।এছাড়া কারিকুলাম যুগোপযোগী করা, মিড-ডে মিল চালু এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় শিক্ষা খাতে একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।ডিসিদের প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো বাস্তবায়নে সরকার ইতিবাচকভাবে কাজ করবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেক এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।