শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোমস্তাপুরে স্কুলে ঢুকে শিশুদের লাঠিপেটা, আহত ৫ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খেলাধুলার বিরোধের জেরে বিদ্যালয়ে ঢুকে ক্লাসরুমে থাকা শিশু শিক্ষার্থীদের লাঠিপেটা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে গোমস্তাপুর ইউনিয়নের চকপুস্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী খেলাধুলার সময় নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন।কিন্তু ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে চকপুস্তম গ্রামের মো. জাহাঙ্গীর আলম বাবু (৪০) বাঁশের লাঠি নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।অভিযোগ অনুযায়ী, এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে মো. মাহমুদুর রহমান (১০), মো. জুনাইদ আলী (৯), মো. রাকিবুল ইসলাম (৯), মো. জুবায়ের রহমান (৯) ও মো. মোর্শেদ আলী (৯) আহত হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, নীলাফুলা ও জখম হয়েছে বলে জানা গেছে।বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে থামেননি বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।খবর পেয়ে আহত শিশুদের অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে যান এবং তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে শিশু শিক্ষার্থীদের ওপর এমন হামলা উদ্বেগজনক। তারা এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির হুমকির কারণে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গোমস্তাপুরে স্কুলে ঢুকে শিশুদের লাঠিপেটা, আহত ৫ শিক্ষার্থী