বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব, নজরে বন্দর-জ্বালানি খাত
বাংলাদেশ ও সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বন্দর, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী অংশীদারিত্বে উন্নীত করার প্রস্তাব দেন।আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ সংলাপ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে বিরোধ সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে।পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক নৌবাণিজ্য পথের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনে (এমএমডিসি) অংশ নিয়েছে।সৌদি ভাইস মিনিস্টার ওয়ালিদ এল-খেরেইজি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রশংসা করে বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশের বন্দর, অবকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের আগ্রহের কথা জানান।এ সময় দ্রুত ঢাকা-রিয়াদ তৃতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা এবং ১৫তম বাংলাদেশ-সৌদি যৌথ কমিশনের বৈঠক আয়োজনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের মানবিক ও রাজনৈতিক সহায়তার প্রশংসা করা হয়। পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনে সৌদি সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।এ ছাড়া নিরাপত্তা, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে সৌদি আরবের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ওয়ালিদ এল-খেরেইজি বর্তমানে দুই দিনের সরকারি সফরে ঢাকায় অবস্থান করছেন। তার নেতৃত্বে আসা প্রতিনিধি দলে সৌদি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।