মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৫

রাজধানীর পুরান ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় সংগঠনের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দুই পক্ষ।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল এলাকায় এ সংঘর্ষ হয়।ছাত্রদলের অভিযোগ, তারা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যাওয়ার সময় হাসপাতালের ভেতর থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইট, নারিকেলের খোসা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ সেতু ও সহ-সভাপতি রাকিবসহ অন্তত ১০ জন আহত হন।ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল দাবি করেন, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় আকস্মিক হামলার শিকার হন। পরে তারা হামলা প্রতিহত করেন বলেও জানান তিনি।অন্যদিকে ছাত্রশিবিরের দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জীবন অভিযোগ করেন, ছাত্রদলের সভাপতি জসিমের নেতৃত্বে হাসপাতালের ভেতরে ঢুকে তাদের ওপর হামলা করা হয়। এতে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাজিব, সাথী হুজাইফাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ২৫