সৈয়দপুরে ডিবির অভিযানে ২১ বোতল সিরাপসহ আটক ১
নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২১ বোতল নিষিদ্ধ কফ ও ফায়ারডিল সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।শুক্রবার (৩১ জুলাই) আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর ভুল্লিপাড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. আজিজার রহমানের ছেলে মো. সাহিদুল ইসলাম বাবু (৩৬) আটক হন। পুলিশ জানায়, তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।তল্লাশির সময় তার বহন করা একটি বাজারের ব্যাগ থেকে ৮ বোতল Eskuf Cough Syrup উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় আরও ১৩ বোতল FAIRDYL সিরাপ পাওয়া যায়।পুলিশের দাবি, উদ্ধার হওয়া নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা।অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দপুর থানায় মামলা করা হয়েছে।তিনি আরও জানান, শুক্রবার (৩১ জুলাই) আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।