ভোলাহাটের ক্রীড়া ধারাভাষ্যকার সেলিম রেজা মুক্তা আর নেই, এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা জিন্নাহনগর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার ও সাংবাদিক সেলিম রেজা মুক্তা আর নেই।মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি নানা গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম রেজা মুক্তা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাংবাদিক ও ক্রীড়া অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সেলিম রেজা মুক্তা তাঁর সাংবাদিকতা ও সাবলীল ক্রীড়া ধারাভাষ্যের মাধ্যমে ভোলাহাটসহ আশপাশের এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। তার কণ্ঠের ধারাভাষ্য ক্রীড়াপ্রেমীদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়।তার মৃত্যুতে ভোলাহাট উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সুধীজন, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পোল্লাডাংগা কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ওই গোরস্থানেই তাকে দাফন করা হয়।
সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব সেলিম রেজা মুক্তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। তারা মহান আল্লাহর কাছে তার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দানের জন্য দোয়া কামনা করেছেন।