শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ইমরানের মুক্তিতে পশ্চিমাদের হস্তক্ষেপ চান ছেলে সুলেমান

কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার ও দলীয় নেতাকর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার বড় ছেলে সুলেমান খান। একইসঙ্গে পাকিস্তানের পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর রাজনীতিবিদদের সঙ্গে কথা বলা এবং আন্তর্জাতিকভাবে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ঘোষিত লং মার্চকে কেন্দ্র করে ইমরানের তিন বোনসহ পরিবারের কয়েকজন সদস্য এবং দলটির বহু নেতাকর্মীকে আটক করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এসব আটকের বিষয়ে উদ্বেগ জানিয়েছে। দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী সুলেমান বলেন, পরিবারের নারী সদস্যদের মধ্যরাতে আটক করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি তার বাবার কারাবন্দি অবস্থার পাশাপাশি পরিবার, দল এবং ভিন্নমতাবলম্বীদের সঙ্গে আচরণ নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে কথা বলার প্রয়োজনীয়তার কথা বলেন।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর লাহোরে ইমরানের বোন আলিমা খানকে পাঞ্জাবের জনশৃঙ্খলা আইনের আওতায় আটক করা হয়। পরে তার অন্য দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিসহ আরও কয়েকজন আত্মীয়কে আটক করা হয়। ইমরানের মুক্তি, পর্যাপ্ত চিকিৎসা ও পরিবারের সদস্য এবং আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগসহ বিভিন্ন দাবিতে পিটিআই ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে কর্মসূচি ঘোষণা করেছে। সরকার জানিয়েছে, তারা মিছিলটি রাজধানীতে প্রবেশ করতে দেবে না। ইসলামাবাদের বিভিন্ন সড়কে এরই মধ্যে কনটেইনার বসানোর খবরও এসেছে।পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা জুলফিকার আলী বুখারি জানিয়েছেন, দলটি কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে। কর্মসূচি এক দিনের পরিবর্তে কয়েক দিনও চলতে পারে বলে তিনি জানিয়েছেন। ইমরানের ছোট ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, পরিবার ও সমর্থকদের গ্রেপ্তার করে এবং সহিংসতার হুমকি দিয়ে জনগণের ন্যায়বিচারের দাবি থামানো যাবে না। বিশ্বের মানুষের উচিত পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখা বলেও তিনি মন্তব্য করেন।এর আগে সুলেমান ও কাসিম তাদের বাবার কারাবন্দি অবস্থার সমালোচনা করে তার স্বাস্থ্য ও কারাগারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পাকিস্তান সরকার অবশ্য ইমরানের সঙ্গে কারাগারে দুর্ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভের আগে পিটিআই সদস্যদের আগাম আটক এবং ইসলামাবাদে সড়ক অবরোধের ঘটনায় শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংগঠনটি ইমরানের আত্মীয় ও পিটিআই কর্মীদের মুক্তির আহ্বান জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, বিক্ষোভ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে লং মার্চকে ঘিরে সরকার ও পিটিআইয়ের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইমরানের মুক্তিতে পশ্চিমাদের হস্তক্ষেপ চান ছেলে সুলেমান