বেড়ায় সরকারি মূল্যে সার বিতরণের দাবিতে মিছিল, স্মারকলিপি
সরকারি নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ এবং কৃষক হয়রানি বন্ধের দাবিতে পাবনার বেড়ায় মিছিল, পথসভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ‘বাংলাদেশ কৃষক-মজুর সংহতি’ বেড়া উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।দুপুরে সংগঠনের নেতাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল আলিম ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক কামরুল হাসান লিটন।পথসভায় বেড়া উপজেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর দর্জী বলেন, কৃষকের উৎপাদন খরচ কমাতে অবিলম্বে সারের দাম কমানো এবং কৃষকের স্বার্থে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ নিশ্চিত করা প্রয়োজন।কেন্দ্রীয় অর্থ সম্পাদক কামরুল হাসান লিটন বলেন, ‘সারের দাম কমাও, কৃষক বাঁচাও’—এ দাবিকে গুরুত্ব দিয়ে সরকারি নির্ধারিত মূল্যে সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল আলিম বলেন, কৃষকের অধিকার কোনো দয়া নয়, এটি তার ন্যায্য অধিকার। সরকারি মূল্যে সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃত্রিম সংকট বন্ধ করতে হবে, যাতে কৃষকেরা সহজে সাশ্রয়ী মূল্যে সার পান।পথসভায় বেড়া উপজেলা কৃষক-মজুর সংহতির বিভিন্ন ইউনিট ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে মিছিল ও পথসভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমার কাছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।স্মারকলিপি দেওয়ার সময় ইউএনও উপস্থিত কৃষকদের কাছ থেকে সার ডিলারদের অনিয়ম ও দুর্ভোগের কথা সরাসরি শোনেন। অভিযোগগুলো শুনে ডিলারদের অনিয়ম দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।