ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্ট থেকে কৃষকদের মাঝে সার বিতরণ শুরু হলে স্বাভাবিক হয় পরিস্থিতি ও যান চলাচল।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সোনাহাট স্থলবন্দর সড়কের বিসিআইসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, জর্দান ট্রেডার্সে ৩০০ বস্তা ইউরিয়া সার বিতরণের দিন নির্ধারিত ছিল। সার নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকার কৃষক সেখানে জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষার পরও সার পাওয়ার অনিশ্চয়তা দেখা দিলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধের চেষ্টা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে যান ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ। তিনি মাইকযোগে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং পর্যাপ্ত সার সরবরাহের বিষয়টি জানান। পাশাপাশি বিশৃঙ্খলা না করে নির্ধারিত লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহের আহ্বান জানান।পরে প্রশাসনের উপস্থিতিতে দুটি ডিলার পয়েন্ট থেকে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। এতে অবরোধের পরিস্থিতি থেকে সরে আসেন কৃষকরা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।সারের সংকট নেই: ইউএনওউপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, অনিবন্ধিত ডিলার পয়েন্টে এসে কৃষকরা সার নেওয়ার চেষ্টা করায় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।তিনি বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। কৃষকরা যাতে নিয়ম মেনে ও সুশৃঙ্খলভাবে সার সংগ্রহ করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রশাসনের উপস্থিতিতে সার বিতরণ শুরু হওয়ায় কৃষকদের মধ্যেও স্বস্তি ফিরে আসে। সার বিক্রি ও বিতরণে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হচ্ছে কি না, তা নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।