রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

পুলিশ কোনো দলের নয়, জনগণের সেবক: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলীয় বাহিনী নয়; এটি জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত একটি আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক প্রতিষ্ঠান।তিনি বলেন, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। পাশাপাশি ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তায় দক্ষতা অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।রোববার সকালে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবীন পুলিশ কর্মকর্তাদের নতুন বাস্তবতায় দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশকে কাজ করতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান।সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ এ বি এম মামুন।

পুলিশ কোনো দলের নয়, জনগণের সেবক: স্বরাষ্ট্রমন্ত্রী