ইউএনওকে নিয়ে মন্তব্য, নাচোলে দুই চেয়ারম্যান বরখাস্ত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে জনসম্মুখে অনাকাঙ্ক্ষিত ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্ত হওয়া দুই জনপ্রতিনিধি হলেন নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া এবং নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।ঘটনার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ‘ফ্যামিলি কার্ড শুমারি’ কার্যক্রমের আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই ফলাফল প্রত্যাখ্যান করে কসবা ইউপি চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া ও সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রতিনিধি হিসেবে তাঁদের এমন আচরণ কাঙ্ক্ষিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের পর তাঁদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত এবং জনস্বার্থের বিরোধী।প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(৪)-এর (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁদের নিজ নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।