অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসম্পৃক্ততার তাগিদ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় পর্যায়ে সামাজিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হয়।পঞ্চায়েত প্রধান মো. শহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। সভা সঞ্চালনা করেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মাসুক মিয়া।বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম এফ আহমেদ অলি, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. নাজিম উদ্দিন এবং শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মইনূল হাসান রতন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম যথেষ্ট নয়। পরিবার, পঞ্চায়েত, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।ওসি মো. আবুল কালাম বলেন, মাদক, জুয়া, চুরি ও ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। পাশাপাশি অপরাধের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. নাজিম উদ্দিন বলেন, মাদকাসক্তির প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।সাবেক মেয়র এম এফ আহমেদ অলি বলেন, পঞ্চায়েতভিত্তিক সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার রোধের পাশাপাশি চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ, জনপ্রতিনিধি, পঞ্চায়েত, অভিভাবক, যুবসমাজ ও সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় হাজী শফিকুল ইসলাম, মো. মনির হোসেন, আব্দুল আউয়াল দুলাল, আব্দুল জব্বার, আলাই মিয়া, আব্দুল আহাদ, ফারুক চৌধুরী, হুমায়ূন মিয়া, স্বপন সেন ও সুমন দেবসহ পঞ্চায়েতের সর্দার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাদক, জুয়া, চুরি, ইভটিজিং ও দাঙ্গাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবাইকে আহ্বান জানানো হয়।