জাতীয় প্রতিরক্ষায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান
জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতি জোরদার করতে বেসামরিক স্বেচ্ছাসেবকদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। ‘জানফাদা’ নামে এই কর্মসূচির আওতায় সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (WANA) জানিয়েছে, তেহরানের তিনটি নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে প্রথম ধাপে কর্মসূচিটি চালু হবে।ইরানের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানান, সেনাবাহিনীর চারটি শাখার সদস্যরা নির্ধারিত ফিল্ড-গ্যারিসন এলাকায় বেসামরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবেন।কর্মসূচির প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর নির্বাচিত অংশগ্রহণকারীদের আরও উন্নত পর্যায়ের প্রশিক্ষণের আওতায় নেওয়া হবে।ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষার প্রয়োজন দেখা দিলে বেসামরিক অংশগ্রহণকারীরা যাতে তাদের অর্জিত মৌলিক সামরিক দক্ষতা কাজে লাগাতে পারেন, সেই প্রস্তুতি তৈরি করাই কর্মসূচিটির অন্যতম লক্ষ্য।
তবে এখনো প্রশিক্ষণের নির্দিষ্ট মেয়াদ, কতজন স্বেচ্ছাসেবক এতে অংশ নেবেন এবং পরবর্তীতে তেহরানের বাইরে দেশের অন্যান্য এলাকায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।