বুধবার, ১১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান

হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেনের দুর্দান্ত নৈপুণ্যে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা।বাংলাদেশের হয়ে গোল করেছেন শমিত সোম, অধিনায়ক হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। এই জয়ে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে পাকিস্তান।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা হামজা সামনে থেকে নেতৃত্ব দেন দলকে। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। হামজার বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ফিরতি শটে জালে পাঠান শমিত সোম।গোলের পরও আক্রমণের ধার অব্যাহত রাখে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বারবার শ্রীলঙ্কার রক্ষণভাগে চাপ তৈরি করেন রাকিব হোসেন। ২৬তম মিনিটে রাকিবের বাড়ানো বল থেকে ব্যাকহিলে গোলের চেষ্টা করেন হামজা, তবে সফল হননি।প্রথমার্ধের ৩৮তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কা। তবে বিপজ্জনক ক্রসে কোনো ফুটবলার পা ছোঁয়াতে না পারায় রক্ষা পায় বাংলাদেশ।বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৩তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন তিনি। গোলরক্ষকের গায়ে লেগে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই গোল করে নিজের নতুন দায়িত্ব স্মরণীয় করে রাখেন এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এটি তাঁর পঞ্চম গোল।দ্বিতীয়ার্ধে বাংলাদেশের গোল উৎসবে যোগ দেন তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে বল নিয়ে একের পর এক শ্রীলঙ্কান ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন ফারহান।দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেই এমন দৃষ্টিনন্দন গোল করে দর্শকদের মন জয় করেন ইংল্যান্ডপ্রবাসী এই তরুণ। তাঁর ব্যক্তিগত নৈপুণ্যে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।ম্যাচের ৭৬তম মিনিটে চোটের কারণে ডিফেন্ডার সাদ উদ্দিনকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। সেমিফাইনালের আগে তাঁর চোট বাংলাদেশের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।তবে শেষদিকে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাইরে থেকে দ্রুতগতিতে বল নিয়ে এগিয়ে গিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে সামনে পান রাকিব হোসেন। এরপর অসাধারণ চিপে বল জালে পাঠিয়ে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। প্রায় ১৩ মাস পর জাতীয় দলের হয়ে গোল পেলেন এই ফরোয়ার্ড। সর্বশেষ ২০২৫ সালের ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে গোল করেছিলেন রাকিব।শ্রীলঙ্কাকে কোনো গোল করতে না দিয়ে গ্রুপ পর্বের দুই ম্যাচেই নিজেদের জাল অক্ষত রাখে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।অন্যদিকে, শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে শেষ পর্যন্ত দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় টমাস ডুলির দল।গ্রুপে এক পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ভুটান। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।আগামী শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন অপর সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান।

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান