রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে পড়ালেখা ও সহশিক্ষায় অনন্য প্রতিষ্ঠান সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ

পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সাফল্য, মেধার বিকাশ এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নীলফামারীর সৈয়দপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের অবস্থান শক্ত করেছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।আন্তর্জাতিক সেবাসংঘের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত এ প্রতিষ্ঠানটি শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো—শুধু মেধাবী শিক্ষার্থীদের ওপর গুরুত্ব না দিয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা যত্নের মাধ্যমে মূল ধারায় ফিরিয়ে আনা। এ জন্য নিয়মিত বিশেষ রেমেডিয়াল ও মেন্টরিং ক্লাস পরিচালনা করা হয়।১৯৯১ সালে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই পাবলিক পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠান থেকে ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ০৭ শতাংশ। পাশাপাশি রেকর্ড সংখ্যক ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে রয়েছে নিয়মিত অতিরিক্ত ক্লাস, ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং এবং দুর্বলতা চিহ্নিত করে বিশেষ পাঠদান কার্যক্রম।প্রতিষ্ঠানটি এর আগেও বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। ২০০৫ সালে এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করে। এছাড়া ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে দুই লাখ টাকা পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।শুধু পরীক্ষার ফলাফল নয়, খেলাধুলা, বিতর্ক, দেয়ালিকা, কুইজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে সানফ্লাওয়ারের সাফল্য। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।দেয়ালিকা প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় গ্রুপেই প্রথম স্থান অর্জন করে শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে। এছাড়া বিতর্ক, হামদ-নাত, আযান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য।এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মালিহা মেহেজাবিন বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং নিজের প্রচেষ্টার পাশাপাশি প্রতিষ্ঠানের বিশেষ রেমেডিয়াল ও মেন্টরিং ক্লাস তাকে ভালো ফলাফল করতে সহায়তা করেছে।তিনি বলেন, কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে শিক্ষকরা খোঁজ নেন এবং প্রয়োজন হলে বাসায় গিয়েও পড়াশোনায় সহযোগিতা করেন।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল বলেন, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের স্থায়ী প্রকল্প হিসেবে পরিচালিত এ প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে রয়েছে নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা, পরিচালনা পর্ষদের তদারকি, শিক্ষকদের আন্তরিকতা, আধুনিক ডিজিটাল পাঠদান পদ্ধতি এবং প্রতিটি শিক্ষার্থীর প্রতি আলাদা নজরদারি। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

সৈয়দপুরে পড়ালেখা ও সহশিক্ষায় অনন্য প্রতিষ্ঠান সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ