চীন সফর শেষে ঢাকায় সাদিক কায়েম, বড় বার্তা দিল ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি সাদিক কায়েম চীন সফর শেষে জানিয়েছেন, দেশটির দ্রুত অগ্রগতির পেছনের প্রযুক্তি, গবেষণা ও নীতিগত কাঠামো সম্পর্কে তারা বিস্তারিত ধারণা পেয়েছেন।রোববার (২৪ মে) বিমানবন্দরের টার্মিনাল-২-এ সাংবাদিকদের তিনি জানান, সফরকালে প্রতিনিধিদল চীনের শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় পিকিং বিশ্ববিদ্যালয়, সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেহাং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। সেখানে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের বাস্তব অভিজ্ঞতা নেওয়া হয়।তিনি আরও জানান, পিকিং ইউনিভার্সিটির বাংলা ভাষা ও গবেষণা কেন্দ্র শক্তিশালী করতে সহযোগিতার আগ্রহ দেখানো হয়েছে। পাশাপাশি ডাকসু ও চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় নিয়েও আলোচনা হয়েছে।সিংহুয়া ইউনিভার্সিটির ছাত্র সংসদের সঙ্গে বৈঠকে ‘ইয়ুথ ফেলোশিপ’ চালুর প্রস্তাব দেওয়া হয়, যার মাধ্যমে শিক্ষার্থী বিনিময়, স্কলারশিপ ও গবেষণা সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চীনের পক্ষ থেকেও এ উদ্যোগে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।প্রতিনিধিদল ‘গ্লোবাল ইয়ুথ ডায়ালগ’-এ আমন্ত্রণ পেয়েছে, যেখানে বিশ্বের প্রায় ১২০টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। একইসঙ্গে জুলাইয়ে ডাকসুর আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে চীনা প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে।নগর ব্যবস্থাপনা, স্মার্ট সিটি পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সাদিক কায়েম। বিশেষ করে বুড়িগঙ্গাকে কেন্দ্র করে ঢাকাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
চীন-বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।