সাতক্ষীরায় আবাসিক এলাকা থেকে বাস টার্মিনাল সরানোর দাবি
সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে পুলিশ লাইন্স, সিভিল সার্জন অফিস, সদর হাসপাতালসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও আবাসিক এলাকার মধ্যে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জোরালো হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টার্মিনালকে ঘিরে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও যানবাহনের চাপ তৈরি হওয়ায় শহরে যানজট ও শব্দদূষণ বাড়ছে। পাশাপাশি টার্মিনালকেন্দ্রিক বিভিন্ন সামাজিক সমস্যার প্রভাব আশপাশের আবাসিক এলাকাতেও পড়ছে বলে দাবি তাদের।সচেতন অভিভাবক ও এলাকাবাসীর ভাষ্য, একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল সাধারণত মানুষের ব্যাপক সমাগম, স্থানীয় ও দূরপাল্লার পরিবহন, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। ফলে আবাসিক এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।সচেতন নাগরিকরা বলছেন, দেশের বিভিন্ন বাস টার্মিনালকে ঘিরে মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগ মাঝেমধ্যে সামনে আসে। তবে সাতক্ষীরার বাস টার্মিনালকে ঘিরে এ ধরনের কোনো অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে পুলিশ লাইন্স ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার পাশে বাস টার্মিনাল থাকায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত বলে মনে করছেন তারা।স্থানীয় অভিভাবকদের প্রশ্ন, আবাসিক এলাকার পাশে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা হয়-এমন একটি বড় পরিবহন কেন্দ্র রাখা কতটা যুক্তিসঙ্গত। তাদের মতে, শহরের বাইরে বা বাইপাস সড়কের পাশে পরিকল্পিত স্থানে টার্মিনাল স্থানান্তর করা হলে যানজট কমার পাশাপাশি আবাসিক এলাকার পরিবেশও অনেকটা স্বাভাবিক হবে।এর আগে বাস টার্মিনাল স্থানান্তরের বিষয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। এবার বিষয়টি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাতক্ষীরা সদরবাসী।তাদের মতে, শুধু যানজট নিরসন নয়-শহরের আবাসিক পরিবেশ রক্ষা, শিশু-কিশোরদের নিরাপদ বেড়ে ওঠা এবং পরিকল্পিত নগরায়ণের স্বার্থে কেন্দ্রীয় বাস টার্মিনালটি আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন।
জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ, সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শহরের বাইরে উপযুক্ত স্থানে আধুনিক ও পরিকল্পিত বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।