বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমানের মৃত্যুতে আটোয়ারীতে শোকের ছায়া
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দীর্ঘ ৩৭ বছরের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার দুপুর আনুমানিক ১:১৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১১:৩০ মিনিটে তাঁর নিজ এলাকা বলরামপুর ইউনিয়নে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা এবং হাজারো মানুষ অংশ নেন।মুক্তিযুদ্ধের সময় তিনি সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশমাতৃকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর দীর্ঘদিন তিনি জনসেবায় নিয়োজিত থেকে বলরামপুর ইউনিয়নে একটানা ৩৭ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণে তিনি সর্বমহলে ব্যাপক শ্রদ্ধা ও জনপ্রিয়তা অর্জন করেন।জানাজার আগে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় সম্মানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে আটোয়ারী উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।