খুলনা নগরীতে যুবককে পিটিয়ে সাইকেল ছিনতাই, লবনচরায় দুর্বৃত্তের হামলা
খুলনা নগরীর লবনচরা এলাকায় এক যুবককে মারধর করে তার ব্যবহৃত সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোল্লাপাড়া মসজিদের পাশের গলির মুখে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শান্ত নগরীর চানমারী বাজার এলাকার লিটন খার ছেলে। তিনি নগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করেন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া মসজিদের গলির মুখে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে ফেলে রেখে সঙ্গে থাকা সাইকেলটি নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।পরে স্থানীয় লোকজন আহত শান্তকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা শেষে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হবে।তবে হামলায় জড়িতদের পরিচয়, হামলার কারণ এবং ছিনিয়ে নেওয়া সাইকেল উদ্ধারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্যও জানা সম্ভব হয়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত, ছিনিয়ে নেওয়া সাইকেল উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।