মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস

পেশাদার সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পাশে থাকার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।সভায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সাংবাদিকদের পেশাগত ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় এবং সংগঠনের নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ডিআরইউর সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানান।ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার সাংবাদিকতার ওপর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে নয়। তবে নামে-বেনামে ফেসবুক পেজ ও ভুঁইফোড় অনলাইন পোর্টালের মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়টি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য ছড়ানোর প্রবণতা নিয়েও তিনি উদ্বেগের কথা জানান।সাংবাদিক কারা—এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা ও মাপকাঠি প্রয়োজন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মতামত নেওয়া হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা, নতুন নীতিমালা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও একটি গ্রহণযোগ্য মাপকাঠি প্রয়োজন বলে তিনি জানান।সাংবাদিকদের জন্য সময়োপযোগী ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়েও সরকারের আন্তরিকতার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। দ্রুততম সময়ে এটি বাস্তবায়নের লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে আলোচনা করার কথা বলেন তিনি।ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের সমস্যা সমাধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। সাংবাদিকদের কল্যাণ ও সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করে আসছে ডিআরইউ এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে ডিআরইউ প্রায় ২ হাজার পেশাদার সাংবাদিকের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে কাজ করছে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের কারণে সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় ডিআরইউর সহ-সভাপতি মেহদী আজাদ মাসুম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়াসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে পাশে থাকার আশ্বাস