বুধবার, ১১ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: চরমোনাই পীর

রাষ্ট্র পরিচালনায় সরকারের সফলতা দৃশ্যমান হচ্ছে না, বরং ব্যর্থতাগুলো দিন দিন প্রকট হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।বুধবার (১১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চরমোনাই পীর বলেন, বিপুল প্রত্যাশা নিয়ে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার আট মাস পার হলেও কোনো ক্ষেত্রেই সরকার উল্লেখযোগ্য সফলতা দেখাতে পারেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে উঠছে।তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে পতিত শক্তি সারা দেশে নাশকতা চালিয়েছে। পুলিশের তথ্যমতে, সোমবার সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের ১১ জেলায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিগত দিনের নাশকতার ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করতে না চাইলেও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে শ্রমিক অসন্তোষের সমাধান না হওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও তুলে ধরেন।চরমোনাই পীর বলেন, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের সফলতা দৃশ্যমান হচ্ছে না। শ্রমিক অসন্তোষ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।আলোচনা সভায় আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর অবদান তুলে ধরে তিনি বলেন, দ্বীনের প্রতিটি শাখায় তাঁর গুরুত্বপূর্ণ খেদমত ছিল। তাঁর পিতা মরহুম শায়েখের বিভিন্ন মিশনের সফল বাস্তবায়নে আল্লামা ফয়েজীর অক্লান্ত পরিশ্রম ও অবদান ছিল অনস্বীকার্য।তিনি আরও বলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব হিসেবে তিন যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চরমোনাই জামিয়ার নায়েবে মুহতামিম ছিলেন।রাজনীতি, ইলম চর্চা, তাসাউফ ও ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করে চরমোনাই পীর বলেন, আমৃত্যু তিনি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশের সর্বশ্রেণির আলেমদের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা ছিল। রাজনীতির কঠিন সময়েও তিনি সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন না।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর খলিফা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। সভার উদ্বোধন করেন আল্লামা নুরুল হুদা ফয়েজী (রহ.)-এর খলিফা ও সাহেবজাদা মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী।

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট: চরমোনাই পীর