রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় ২৪ প্রহর মহানামযজ্ঞ, সম্প্রীতি-শান্তির আহ্বান

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার জুয়ারিয়া শীতলা মন্দিরে দেশ ও বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তিময় পরিবেশে আয়োজিত এ মহানামযজ্ঞে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভক্তরা অংশ নিয়েছেন। নামসংকীর্তনে মুখর হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। ভক্তদের কণ্ঠে মহামন্ত্র উচ্চারণে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।মহানামযজ্ঞে উপস্থিত হয়ে আয়োজকদের শুভেচ্ছা জানান গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি ধর্মীয় আয়োজনটির সফলতা কামনা করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বক্তব্যে এস এম জিলানী বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সমাজের অন্যতম বড় শক্তি। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একে অপরের ধর্মীয় ও সামাজিক আয়োজনে অংশ নিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, জুয়ারিয়া শীতলা মন্দিরের ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তাও বহন করে। দেশ ও বিশ্বের মানুষের মঙ্গল কামনায় এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক ভূমিকা রাখে।এস এম জিলানী আরও বলেন, গোপালগঞ্জের মাটিতে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করবে-এটাই প্রত্যাশা। ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মহানামযজ্ঞ উপলক্ষে আয়োজকেরা দেশ, জাতি ও বিশ্বের সব মানুষের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

টুঙ্গিপাড়ায় ২৪ প্রহর মহানামযজ্ঞ, সম্প্রীতি-শান্তির আহ্বান