ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে নতুন নির্দেশনা, ২০–২৫ তারিখের মধ্যে পে-রোল
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতার অর্থ নিয়মিত ও সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠাতে হবে।সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতার অর্থ উপকারভোগীদের নিজস্ব মোবাইল আর্থিক সেবা হিসাব, টাকাপে ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপদ্ধতিতে সরাসরি পাঠানো হচ্ছে।২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ প্রকৃত ও সঠিক উপকারভোগীদের কাছে সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠাতে হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে তা সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে তথ্য হালনাগাদ করতে হবে।এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব মোবাইল আর্থিক সেবা, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।