বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ গড়তে বড় উদ্যোগ, শুরু হলো উদ্বোধন বৃক্ষরোপণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-কে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটির শুভ সূচনা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। পরিবেশবান্ধব বীরগঞ্জ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গির বাদশা রনি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহিদা হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, পরিবেশ সচেতনতা প্রচার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বীরগঞ্জকে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ গড়তে বড় উদ্যোগ, শুরু হলো উদ্বোধন বৃক্ষরোপণ