শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

পরিবেশ রক্ষায় নাগেশ্বরীতে সবুজ উৎসবের আয়োজন রোপণ হলো ৫০ গাছ

পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে ‘সবুজ উৎসব-২০২৬’।পরিবেশবাদী সংগঠন অরণ্য-এর উদ্যোগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ৫০টি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় চার শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা।এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষ প্রদর্শনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ জীববৈচিত্র্য রক্ষা, মাটি সংরক্ষণ ও বায়ুর ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কাচারী পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মন্ডল বলেন, একটি গাছ কেটে ফেললে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ লাগানো উচিত। এতে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানায়, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা গাছ ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হচ্ছে। বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো এবং পরিচর্যার আগ্রহও বাড়ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী নিখিল চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আব্দুল কাদের, অরণ্যের উপদেষ্টা মো. নুর আমিন ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুস ছোবহান জুয়েলসহ অনেকে।

পরিবেশ রক্ষায় নাগেশ্বরীতে সবুজ উৎসবের আয়োজন রোপণ হলো ৫০ গাছ