ঢাকায় অভিযান, খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার মিলল বিদেশি পিস্তল ও গুলি
ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং ৭.৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।শনিবার (২২ জুন) কেএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।তিনি জানান, খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপি ১ থেকে ২০ জুন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে।এরই ধারাবাহিকতায় গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— শেখপাড়া মেইন রোডের মো. তুষার শিকদার (৩৮), গোবরচাকা এলাকার মো. আবরার ফয়সাল বাদিন (২৪), শেখপাড়া লোহাপট্টির মো. আল আমিন (২৯), সোনাডাঙ্গা নবীনগর এলাকার মো. আসিফ (২৫) এবং টুটপাড়া জোড়াকল বাজার এলাকার মো. সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)।ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুলনার চিহ্নিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলার তথ্য রয়েছে।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং তাজা গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারদের কাছ থেকে খুলনায় সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী ও অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।