নাসিরনগরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন থানায় সন্ত্রাসবিরোধী মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।মঙ্গলবার (৯ জুন) দুপুরে নাসিরনগর থানায় এ মামলা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সকাল-বিকেলের মধ্যে নাসিরনগর কলেজ মোড় থেকে কুন্ডা গ্রামের রাস্তা হয়ে তিতাস নদীর সেতু পর্যন্ত কয়েকটি মোটরসাইকেলে শোডাউন করা হয়। প্রায় ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।ভিডিওতে শোডাউনের নেতৃত্ব দিতে দেখা যায় নাসিরনগর উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুর রহমান আকাশকে। একইসঙ্গে তার ফেসবুক পোস্টেও রাজনৈতিক বক্তব্য ও স্লোগান ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।এর আগে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক ঝটিকা মিছিলের ঘটনায়ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ৭ থেকে ৮টি মোটরসাইকেলে শোডাউন হওয়ার তথ্য পাওয়া গেছে। ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রধান আসামিসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ব্যক্তিদের আসামি করে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।