নলছিটি ছাত্রদলের নেতৃত্বে সজল খলিফাকে চান তৃণমূল
ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে গুরুত্বপূর্ণ পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজল খলিফা।দলীয় দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাঁকে উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা।তৃণমূল কর্মীদের দাবি, সজল খলিফা ছাত্রদলের একজন পরীক্ষিত ও নিবেদিত কর্মী। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও সাংগঠনিক কর্মসূচিতে তিনি নিয়মিত সক্রিয় ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও দলের আদর্শ ও কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ অব্যাহত ছিল বলে জানান তারা।স্থানীয় নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। সজল খলিফার মতো তরুণ ও দক্ষ সংগঠক নেতৃত্বে এলে নলছিটি উপজেলা ছাত্রদলে নতুন গতি আসবে বলে তাদের প্রত্যাশা।একাধিক তৃণমূল কর্মী জানান, “বিগত দিনের ত্যাগ ও রাজপথের সক্রিয়তা বিবেচনায় সজল খলিফাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে তরুণ সমাজ ও ছাত্ররাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
এ বিষয়ে সজল খলিফা বলেন, দল তাঁর অতীত ভূমিকা ও সাংগঠনিক কার্যক্রম বিবেচনা করে দায়িত্ব দিলে তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নলছিটি উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।