সংসদে বিরোধীদলীয় নেতা ও অস্ট্রেলিয়া হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।সোমবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রথম সচিব মিজ এ্যানা পিটারসন এবং মি. হ্যারি থম্পসন উপস্থিত ছিলেন।আলোচনায় বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, এবং নির্বাচনের পর রাজনৈতিক প্রক্রিয়ায় বিরোধী দলের ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।উভয় পক্ষ গণতন্ত্রকে আরও কার্যকর ও প্রাণবন্ত করতে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ঘোষিত জাতীয় বাজেট ও বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও আলোচনা হয়।বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং জ্বালানি খাতের উন্নয়ন বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।বিরোধীদলীয় নেতা বাংলাদেশে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অস্ট্রেলিয়ার সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ান হাইকমিশনারও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, এমপি ও মারদিয়া মমতাজ, এমপি এবং অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।