মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বিজয়ের বিরুদ্ধে সংগীতার বিস্ফোরক অভিযোগ, বিচ্ছেদ মামলায় যা বলেছিলেন স্ত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় এবং তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গমের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার উদ্যোগ ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। কয়েক মাস আগে বিচ্ছেদের আবেদন করেছিলেন সংগীতা। তবে সম্প্রতি চেঙ্গলপট্টুর পারিবারিক আদালত থেকে সেই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পরে জেলা আদালত মামলাটি নিষ্পত্তি করেন।বিচ্ছেদের আবেদন ঘিরে প্রকাশ্যে আসে সংগীতার করা একাধিক অভিযোগ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদালতে জমা দেওয়া পিটিশনে বিজয়ের বিরুদ্ধে দাম্পত্য অবহেলা, দূরত্ব তৈরি এবং এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছিলেন সংগীতা।পিটিশনে সংগীতা দাবি করেন, ২০২১ সালে প্রথমবার তিনি বিজয়ের ওই সম্পর্কের বিষয়ে জানতে পারেন। সে সময় বিজয় সম্পর্কটি শেষ করার আশ্বাস দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। তবে পরে সেই সম্পর্ক অব্যাহত ছিল বলে তার দাবি।সংগীতার অভিযোগ ছিল, ধীরে ধীরে বিজয় তাকে নিজের সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে সরিয়ে দেন। একই সময়ে ওই অভিনেত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও বিদেশ সফরে অংশ নেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন। এসব নিয়ে প্রকাশ্যে কোনো আপত্তি না জানানোয় তিনি ও তাদের দুই সন্তান বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন বলেও দাবি করেন।পিটিশনে আরও বলা হয়, একপর্যায়ে সংগীতার আর্থিক সহায়তা ও কিছু সুযোগ-সুবিধা সীমিত করা হয়েছিল। চলাফেরার স্বাধীনতায়ও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ২০২৪ সালে বিজয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন বিতর্ক তার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছিল বলেও উল্লেখ করেন।সংগীতার ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে টিকে ছিল। এই দাম্পত্য তাকে মানসিক চাপ, অপমান ও আবেগগত কষ্ট দিয়েছে বলেও পিটিশনে দাবি করেন তিনি।১৯৯৬ সালে একটি সিনেমার শুটিংয়ের সময় বিজয় ও সংগীতার পরিচয় হয়। বিজয়ের ভক্ত সংগীতা যুক্তরাজ্য থেকে তাকে দেখতে ভারতে এসেছিলেন। এরপর বন্ধুত্ব থেকে প্রেম এবং ১৯৯৯ সালের ২৫ আগস্ট তাদের বিয়ে হয়।২০০৫ সালে জন্ম নেয় তাদের ছেলে জেসন সঞ্জয় এবং পরে জন্ম নেয় কন্যা দিব্যা সাশা। দীর্ঘদিনের সংসার ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর দক্ষিণী সিনেমা ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত আদালত থেকে বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন সংগীতা। ফলে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

বিজয়ের বিরুদ্ধে সংগীতার বিস্ফোরক অভিযোগ, বিচ্ছেদ মামলায় যা বলেছিলেন স্ত্রী