লঙ্কান ক্রিকেট বোর্ডে সাঙ্গাকারার নতুন দায়িত্ব, গঠিত অন্তর্বর্তী কমিটি
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে দিয়ে ট্রান্সফরমেশন কমিটি গঠন করেছে দেশটির সরকার। নতুন গঠিত ৯ সদস্যের অন্তর্বর্তী কমিটিতে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।এই কমিটিতে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার রোশান মহানামা এবং সিদাথ ওয়েত্তিমুনি।অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান করা হয়েছে দেশটির বিরোধী দল সামাগি জানা বালাওয়েগয়ার সংসদ সদস্য এরান বিক্রমারত্নে-কে। দায়িত্ব পালনের স্বার্থে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।দায়িত্ব গ্রহণ করে বিক্রমারত্নে বলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের শাসনকাঠামোর পূর্ণাঙ্গ সংস্কারই তাদের প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে একটি নতুন সংবিধান বাস্তবায়নের মাধ্যমে শক্তিশালী ও আধুনিক ভিত্তি গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, কমিটির দ্বিতীয় লক্ষ্য হলো মাঠের পারফরম্যান্স উন্নয়ন। জাতীয় দলগুলোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় কাঠামো, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং কার্যকর প্রণোদনা ব্যবস্থা গড়ে তোলার দিকেও গুরুত্ব দেওয়া হবে।