‘অপকর্ম-চাঁদাবাজিতে কাউকে ছাড় নয়’ ছাত্রদল
ছাত্রদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অপকর্ম, চাঁদাবাজি, দখলদারি বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ন্যূনতম তথ্য পাওয়া গেলেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম।সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অভিযোগ পাওয়ার পর গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত করে প্রয়োজন হলে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনার কথাও জানান তিনি। শ্যামল মালুম বলেন, দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনতে সময় প্রয়োজন। তবে ৫ আগস্টের পর ক্ষমতার জোর বা দখলদারির রাজনীতি আর চলবে না—এ বিষয়ে বিএনপি ও ছাত্রদল অঙ্গীকারবদ্ধ বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, অপরাধে জড়িত কাউকে রাজনৈতিকভাবে প্রশ্রয় না দেওয়ার নীতিতে ছাত্রদল কাজ করছে। শিক্ষার্থীদের অধিকার, সততার রাজনীতি, সুশাসন ও জবাবদিহিতাকে সংগঠনের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি।