শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়াইন হাওরে কলেজ শিক্ষার্থী শোহাগের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাওরে কথিত অবৈধ ইজারাদারদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।শুক্রবার (৭ আগস্ট) বাদ আছর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে ‘মাটিয়াইন হাওরবাসী’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জেলে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।বক্তারা অভিযোগ করেন, মাটিয়াইন হাওরে বর্তমানে কোনো বৈধ ইজারাদার না থাকলেও একটি প্রভাবশালী চক্র নিজেদের ইজারাদার পরিচয় দিয়ে সাধারণ জেলে ও স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং নির্যাতন করে আসছে। পাশাপাশি হাওরের জলাশয়ে অবৈধ আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষের মাছ ধরার অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।মানববন্ধনে জানানো হয়, গত সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় মাটিয়াইন গ্রামের কলেজ শিক্ষার্থী শোহাগ বাড়ির পাশের এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গেলে কথিত ইজারাদারের পাহারাদার হিসেবে পরিচিত শিবরামপুর (মনতলা) গ্রামের খলিল মিয়া (৩০) ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শোহাগের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।বক্তারা বলেন, একজন কলেজ শিক্ষার্থীর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এছাড়া মাটিয়াইন হাওরে কথিত অবৈধ ইজারাদারদের দৌরাত্ম্য বন্ধ, সাধারণ জেলে ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত এবং আইনানুগভাবে মাছ ধরার অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে শাহিনুর রহমান, মহিবুল ইসলাম, জিয়াউর রহমান, বিলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন