সুনামগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুশল রাজ পাল।আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের ইস্কন প্রধান রাধেশ্যাম প্রভু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর, জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি নারায়ণ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ পদ দাস, সিলেট এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার নির্মল চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় সুনামগঞ্জ সদর মডেল থানার সার্কেল কর্মকর্তা চাতক চাকমা, ওসি রতন সেখ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক তালুকদার, পূজা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিমল বণিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কর্মসূচির প্রথম ধাপে সকাল ১০টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় আলোচনা সভা এবং দুপুর ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাটমন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আলফাত স্কয়ারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার ও শনিবার এসব কর্মসূচি চলবে।নতুন প্রজন্মের মধ্যে জন্মাষ্টমীর তাৎপর্য ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরাই এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি পুলিশ, র্যাব ও সদর মডেল থানার পুলিশের বিশেষ টিম দায়িত্ব পালন করে।সদর মডেল থানার ওসি রতন সেখ বলেন, জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ সব কর্মসূচি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন এবং ডিবি পুলিশসহ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। পুলিশ সুপারের সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।