ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার শুভ দাসের মরদেহ কলারোয়া নিজ বাড়িতে পৌঁছেছে
ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে নিহত সাতক্ষীরার কলারোয়া উপজেলার শুভ দাসের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিহত হওয়ার তিন মাস ২৫ দিন পর মরদেহটি তার নিজ বাড়ি শ্রীপতিপুর গ্রামে আনা হয়।শুভর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজন ও পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খবর পেয়ে গ্রামবাসীরাও শুভর বাড়িতে ছুটে আসেন।এর আগে চলতি বছরের ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত হন শুভ দাস। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।হতদরিদ্র পরিবারের সন্তান শুভ জীবিকার তাগিদে নিহত হওয়ার প্রায় আড়াই বছর আগে লেবাননে পাড়ি জমান। প্রবাসে কর্মরত অবস্থায় প্রাণ হারান তিনি।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় কার্যালয়ের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে শুভর পরিবারকে ৮৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। চলতি মাসে আরও ৩ লাখ টাকা এবং কয়েক মাস পর জীবনবীমার আওতায় আরও অনুদান পাওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, ইসরাইলি ড্রোন হামলায় লেবাননে থাকা সাতক্ষীরার তিনজন নিহত হন। তাদের মধ্যে শুভ দাসের বাড়ি কলারোয়ায়। অপর দুজন হলেন আশাশুনির নাহিদুল এবং সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার শফিকুল ইসলাম। তাদের মরদেহ আগেই নিজ নিজ বাড়িতে পৌঁছেছে।