বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।সোমবার (২০ জুলাই) দুপুরে সাতোর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। শিশুদের নিরাপদ, শিক্ষাবান্ধব ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।“বন্ধ হোক শিশুশ্রম, শিক্ষার আলোয় ভরে উঠুক শিশুর জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সাতোর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের অধিকার ও দেশের উন্নয়নের পথে বড় বাধা। এ সমস্যা মোকাবিলায় পরিবার, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা বলেন, সাতোর ইউনিয়নে কোনো শিশুকে বাল্যবিবাহ বা শিশুশ্রমের শিকার হতে দেওয়া হবে না। শিশুদের অধিকার রক্ষায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এ অর্জন ধরে রাখতে হবে।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিশু ফোরামের সদস্য, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।শেষে সাতোর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন’ ঘোষণা করা হয় এবং শিশু অধিকার রক্ষায় সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।