‘প্রতিনিয়ত হুমকি পাচ্ছি’, নুসরাতের মায়ের নিরাপত্তা দাবি
ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি-ধমকি পাওয়ার অভিযোগ তুলে নিজের পরিবার ও ছেলেদের নিরাপত্তা চেয়েছেন তিনি।সোমবার (২৪ আগস্ট) দুপুরে হাইকোর্টে নুসরাত হত্যা মামলার আপিলের রায় ঘোষণার পর সোনাগাজীর উত্তর চান্দিয়া গ্রামের বাড়িতে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন শিরিন আক্তার।তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা রায়ে সন্তুষ্ট। অনেকে বলেছিল আমরা নাটক করছি, রাফি আত্মহত্যা করেছে। কিন্তু আদালতের রায়ে প্রমাণ হয়েছে, রাফির মৃত্যু হত্যাকাণ্ড।”শিরিন আক্তার আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি নিজের পরিবার ও ছেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সরকারের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।তিনি বলেন, নুসরাতের মৃত্যুর পর অনেকে তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিল। তবে আদালতের রায়ে সত্য প্রকাশ পেয়েছে। হুমকি-ধমকি সত্ত্বেও তারা ধৈর্য ধরে আছেন।নুসরাত হত্যা মামলার পেছনের ঘটনা২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। পরে পুলিশ অধ্যক্ষকে গ্রেপ্তার করে।মামলার পর কারাগারে থাকা সিরাজউদ্দৌলার সঙ্গে পরামর্শ করে তার অনুসারীরা নুসরাতকে হত্যার পরিকল্পনা করে। ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে মাদ্রাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী ও ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল নুসরাত জাহান রাফি মারা যান।