চিকিৎসার ছুটিতে বিদেশ যাত্রার অভিযোগ, তদন্তে স্কুল শিক্ষিকা
ঝালকাঠির নলছিটি উপজেলার ৫০ নম্বর কুশঙ্গল নিকাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়শা আক্তার শান্তার বিরুদ্ধে চিকিৎসাজনিত ছুটি নিয়ে বিদেশে যাওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, তিনি চিকিৎসার জন্য ছুটির আবেদন করলেও সেখানে বিদেশে যাওয়ার কোনো তথ্য উল্লেখ করেননি। তবে স্থানীয়দের দাবি, ছুটি চলাকালে তিনি স্বামীর কাছে বিদেশে অবস্থান করছেন।বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইনের অবসরের পর বিদ্যালয়ে চারজন শিক্ষক কর্মরত ছিলেন। এর মধ্যে সহকারী শিক্ষক শায়লা আমিন গত ৩০ মার্চ থেকে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। পরে সহকারী শিক্ষক আয়শা আক্তার শান্তা দুই মাসের চিকিৎসাজনিত ছুটি নিয়ে অনুপস্থিত হন।বর্তমানে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস ও একজন সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। এতে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।গত ১৬ জুন নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া ছুটির আবেদনে আয়শা আক্তার শান্তা শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ১৬ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত চিকিৎসাজনিত ছুটির আবেদন করেন।আবেদনে তিনি জানান, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।তবে স্থানীয়দের অভিযোগ, চিকিৎসার ছুটি চলাকালে তিনি বিদেশে অবস্থান করছেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস বলেন, ছুটির আবেদন অনুযায়ী তাঁকে ছুটি দেওয়া হয়েছে। লোকমুখে শুনেছি তিনি স্বামীর কাছে বিদেশে গেছেন। এ বিষয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, বিষয়টি যাচাই করে দেখা হবে। ছুটির আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শিক্ষিকা আয়শা আক্তার শান্তার বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।