খুলনায় রোটারি স্কুল হবে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হুইপ বকুল
খালিশপুর এর রোটারি স্কুলকে খুলনার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের ঘোষণা দিয়েছেন রকিবুল ইসলাম বকুল।শনিবার (২ মে) বিদ্যালয়ের ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। তাই এর উন্নয়নে আমার সহযোগিতা সবসময় থাকবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরিন পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।হুইপ বকুল জানান, অচিরেই বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী বছর থেকেই এখানে এসএসসি পরীক্ষা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, স্কুলে দ্রুত ডিজিটাল বোর্ড স্থাপন, একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা এবং শিক্ষার পরিধি এইচএসসি পর্যায় পর্যন্ত উন্নীত করা হবে, যাতে শিক্ষার্থীদের অন্যত্র যেতে না হয়।শিক্ষার বাণিজ্যিকীকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষকদের শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে এবং তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে।এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির ব্যবস্থার কথাও জানান তিনি।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু বই পড়লেই হবে না খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সমানভাবে অংশ নিতে হবে।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।